আমার সম্পর্কে

আমার ফটো
kolkata, west bengal, India
৭০ দশকের এক অগ্রগণ্য বিশিষ্ট কবি। জন্ম-২৭ডিসেম্বর ১৯৫৩। জন্ম- কলকাতার দর্জিপাড়া ম্যাটারনিটি হোম।বসবাস-নিমতা। সাহিত্যের সব কটি শাখায় পারদর্শীতা আছে।অনুবাদ করেছেন বিভিন্ন ভাষার কবিতা। ছন্দ ও ছন্দহীনতায় সমান ব্যুৎপত্তি।পুরাণ,দর্শন,সমাজতত্ত্ব,ইতিহাস,বিজ্ঞান,সবকিছুই উঠে এসেছে তাঁর লেখায়। ‘সৌহার্দ্য সত্তর’,এর হয়ে প্রতিবেশী বাংলা দেশে আমন্ত্রিত অতিথি হিসেবে ভ্রমণ করেছেন।তাঁর দীর্ঘ কবিতার সংকলন “ অনত্থপদ সংহিতা” ২০১৫ এর বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার –এ সম্মানিত হয়েছে। বহুদিন ধরে লিটল ম্যাগাজিনের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে যুক্ত রেখেছেন।‘ ক্লেদজ কুসুম’ নামে একটি প্রখ্যাত লিটল ম্যাগ সম্পাদনা করেন। প্রায় সব কটি বাণিজ্যিক-অবাণিজ্যিক কাগজে লেখা প্রকাশিত হয়েছে।বিভিন্ন ভাষার কবিতার অনুবাদেও তিনি খ্যাতি অর্জন করেছেন। নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন । সামাজিক- রাজনৈতিক অবক্ষয়ে সর্বদা গর্জে ওঠা তাঁর কলম এখনো অ-প্রতিরোধী ।সম্ভবত একারণে এবং আরো কিছু রসায়নে অনিচ্ছুক থাকায়, যথেষ্ট প্রতিভাময় হওয়া সত্ত্বেও তাঁর মতো কবিকেও ব্রাত্য হয়ে থাকতে হয়! এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থাবলি ঃ- পদ্মকোরকের বুক শিশিরে ভেজেনি ১৯৮৩ অছান্দিক মন্ত্রমালা ১৯৯৬ শক্তিমান সুপারম্যান নারদ্রাকাদের দেশে (ছড়া সংকলন)২০০০ অনত্থপদ সংহিতা ২০১৫ শঙ্খলাগা রোদে ২০১৬
ছোট কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছোট কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭

স্বপ্ন দেখা জলে

স্বপ্ন দেখা জলে

তখন হাতের সামনে শুধু এক নোংরা বওয়া নদী
সেই জলে স্বপ্ন দেখা,সেই জলে আমার শর্বরী
আমার গোপন অঙ্গে গা এলিয়ে মৃদু বলে ওঠেঃ
এখনো সমর্থ আছো ! ছবি আঁকছ, দেখি আকছার   
তোমার  ও  সৃষ্টি-দেশে রেখে দিচ্ছি আমার সংসার


আমি যে নিদাঘ প্রিয়, উষ্ণ দেশে জন্মেছি যেহেতু   
আমার শরীর ভরা নুন শুধু; নুন আর নুনের পাহাড়  
তা ডিঙোতে পার যদি, নিয়ে যেতে পারি সেইখানে
যেখানে বল্মীক মধ্যে ঢেকে যায়  অনাবৃত পুরোটা শরীর
যেখানে গুহার মধ্যে হিম থেকে জন্ম হয় আগুন নদীর
সাগরদাড়ির থেকে  কপোতাক্ষ নদীজলে ডুবে উঠে ভেসে 
ছুঁয়ে যেতে পারি ভাঙা লাল শালিখের ডানা শঙ্খচিলের ছদ্মবেশে ।





বন্য ঘোটকী

বন্য ঘোটকী

[অন্ধকারে ছোঁড়া ঢিল লক্ষগুণ শক্তি নিয়ে ফিরে এল উঠোনে আবার
ফুলে উঠল জলরাশি,দুলে উঠল বহুতল,ঝালাঅঙ্গদ্যুতিতে ত্রিতাল
পাল্লা দিচ্ছে তরঙ্গের মুহূর্মুহূ অভিঘাতে ,আঙুলেরা এতই  চপল ! ]


আজ থেকে ধরা যাক ৩৬৩তম পুরুষের  আগে  এক  দুপুর বেলায়
৮০তলা গাছেদের ঘিরে থাকা কোনো এক উপলখণ্ডকে কাছে পেয়ে
পাথর-কুড়ুল আর নিজেদের ধনুর্বান ,পাতার পোশাক  খুলে রেখে ,
বাছুরের ঝলসানো মাংস আর সোম নিয়ে বসে পড়ল  সে যুগের প্রেমিক-যুগল...   
সোনার উজ্জ্বল রং দুজনার খোলা চুল হাওয়াতে ছড়িয়ে দিয়ে কাছে ঝর্নায়
ঘন হয়ে মিশে গেল পিঙ্গল বর্ণের দেহ ;সাক্ষী থাকল  শুধু বন,নদী ও পাহাড়
ছেলেটি সে পুষ্পধন্বা ,মেয়েটির নাম রতি;ভাই-বোন, যাকে ঘিরে প্রকৃতি উত্তাল  !
ভোল্গার তট ছঁয়ে চঞ্চলতা  উঠে এল ‘ জন-দম’* মধ্য থেকে  ছড়াল হাওয়ায়  
এখানে নারীরা কারো অধিকারভুক্ত নয় ; বুনো ঘোটকীর মতো দুরন্ত, স্বাধীন  
সন্তানেরা সকলেই দেবত্বের অধিকারী ,ব্রহ্মাণী-জনের অংশ, পবিত্রতা অগ্নিশিখার ...


(* জন-দম = যৌথ বাসগৃহ )



দুযশ পিরিতি আশ


দুযশ পিরিতি  আশ


ফেরানো সে মুখ দেখে চিনেছে লহমায় চির- বসন্তের জটিল মাস  
ভুখল গুপুত প্রেম   হঠাৎ জেগেছিল ধএলহ দুযশ পিরিতি আশ
তবু সে কাদায় মাখা মুখটি ভেসেছিল গা’ঘেষে বসেছিল যখন তার
কেঁপে উঠেছিল দেহ ,শরীর পুড়ছিল,কান্না থমকে আসা মেঘের ভার  
তখনি আকাশ থেকে চমকে উঠেছিল মেঘে ও বিদ্যুতে ঝনাৎকার
বাইক আরোহী শ্যাম পালিয়ে বেঁচেছিল উধাও হ’য়েছিল ভুখল আশ


ননুঞ বদনী তেঁহ রসহু পসারল  উরজ সিরিফলে গলয়ে কাম
একালের রাধিকে গো, চাপাপ্যান্ট গেঞ্জিতে হেরেছে সেকালের ভাবিনী দাম   
ফান্দে পড়েছি মুই হেরিতহি ঐ রূপ ফুটছে আধো- আধা  ব্রজের বোল
তা দিয়ে প্রেমের ঘর বানাতে গিয়ে আজ পরকীয়াতে মজে গা’ই হিন্দোল !   




·          ভুখল – ক্ষুধিত, গুপুত- গুপ্ত,ধএলহ-রাখিলে,দুযশ-দুর্যশ ,  ননুঞ বদনী- কোমল বদনী,তেঁহ-তাহাতে ,রসহু-রস,পসারল-বিস্তার করল,উরজ-স্তন,সিরিফল-শ্রী ফল,গলয়ে-ঝরছে, 


  

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭

বেলুন

বেলুন 


(১) 

আমার যৌনতা দেখি উড়ে যাচ্ছে ট্রাউজারবিহীন
উত্তরভারত হয়ে উত্তরপূর্বের কোনও দেশে;
মহান কবির খোঁজে পাঠহেতু ঝুলে আছে হুকে।
(ধরে নিন কালু বসে কদমের ডালে, ঝারি করছে স্নানরতাদের...)
প্রগতির অহংকার কালো হয়ে মিশে যাচ্ছে যমুনার জলে!

আমার বাঁদিকে যারা রত্নাকর, দ্বৈপায়ন এবংবিধ ভাবে বর্তমান
শুনেছি তাঁদের কথা শিষ্ট ছাত্রের ভাবাবেশে
এবং ডাইনে যাঁরা; লিঙ্গশরীর হয়ে, বেলুনের মতো ভাসমান
খুঁজতে তাঁদের মুখ, পা-গুলোই বড় হয়ে ভাসে।


(২) 

মরে যাচ্ছি ‘ক’ লিখতে; মেঘ এঁকে ফেললাম খাতায়
তখন দোয়াত ছিল, এখন তা মেঘের সামিল
মাস্টারের কথা মতো ‘ম’ লিখতে ‘মাইরি’ লিখেছি
‘ব’ লিখতে অসভ্যের অন্য কোনো শব্দ মনে আসে
এ হচ্ছে বঙ্গদেশ, ‘মা’ বললে মাসি মনে ভাসে! 





বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭

মন

মন

CH2O তে রাখা মনটাকে তুলে নিয়ে ফের মেলে দিতে হল হাওয়াতে আবার
যা হওয়ার, তা হয়েছে। মরেছে জীবাণুগুলো। বিষিয়ে গিয়েছে তবু ধর্মে-রসায়নে  
মেছুনি মেয়েকে দেখে দ্বৈপায়ণ হ্রদে বসে কৃত্রিম কুয়াশা চাদরে কেন
কেন ঢেকে দিলে তার  দৃষ্টিগোচরতা ? কেন বাবা দেখতে দিলে না সেই মোমের গলন?   
এ লজ্জার কী মানে হয় ? এ কেমন জিতেন্দ্রিয়তা !কী  রকমের জিতবাসনা  তোমার !  
নিজেকে প্রমাণ করো,বারংবার,প্রতিক্ষণ: ধৈর্য  কেন থাকেনা এখনো !

লোকাল ট্রেনের মধ্যে প্রসাধন কক্ষ নেই অথচ ভীষণ বেগ চাড়া দিচ্ছে বেশ
চাপার অসাধ্য সেই উষ্ণ স্রোতোধারাটিকে মুক্ত ক’রে দিতে গিয়ে অঘটন হ’ল 
খুলে ফেলা চাপা প্যান্ট যথাস্থানে ঠিকঠাক ফিরিয়ে নেওয়ার আগে  ট্রেন ছেড়ে দিল 
লজ্জা ফেলে সে দৌড়চ্ছে চলন্ত ট্রেনের সাথে ,গন্তব্যে যাওয়ার আকুলতা
ছিন্ন হ’ল ধড়-মুণ্ডু , হাওয়া এসে বিলি কাটছে যৌন-কেশদামে, মন ফের ডোবা ফরমালিনে !

দুই স্তবকের মধ্যে কোনও মিল, যুক্তি নেই , অর্থহীন মন তাই বিষিয়ে দিয়েছে কবিতাকে !        


    

অচেনা আলোয়

অচেনা আলোয়

ধ্রুপদিয়ানায় বলা সেই পাখি আজ আবার অদ্ভুত কিসিমে শিস দিচ্ছে আজ
এই পাখিটাকে তো চিনিনা আমরা, কোথায় সে মার্গীয় সংগীত, ঝড়ের সাপাট?
মিড় হীন, তান হীন, গমক বিহীন ওই অননুশীলিতের কর্কশ চিৎকারে কই
অনুকোমল ঋষভের মৃদু কম্পন !অচেনা আমার, অচেনা ও শিস ’এর আওয়াজ !     
দূরে কোথায় বাজ পড়ল , মেঘ ডাকছে সকাল থেকেই ; সাম্মানিক ডিলিট কি পেয়েছিলেন
বিনয়  বা প্রণবেন্দু, অনন্য রায়েরা ? চিন্তা জাগে মনে , প্রশ্ন : কী করলে তবে ? ...

পাখি বলল : ‘ অবশেষে হেগে মুতে একশা হ’লে ! হিংসার দুর্গন্ধে তো বাংলা ভ’রে যায়...’
শ্লোগানেতে শিস দেও হাওয়ার উজানে, নিন্দা কর ভারতের  পাকিস্তানে গিয়ে ,
চিনে গিয়ে ওবামার মুণ্ডু ভেজে খাও ।   

কবি বলল: ‘ জম জম’, কবি গাইল লালনের গান

আজকে আকাশ ফের ঝলমলে হ’ল।  

মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭

দেবী অক্ষরের

দেবী অক্ষরের

যেদিন নির্জন ঘরে তুমি ঢুকে এলে চুপি চুপি
আমাকে অবাক করে শুয়ে পড়েছিলে বিছানায়
শরীর হারানো যেন রুদ্রবীণা খাটের উপর
বাজাতে পারিনি তবু বেজে উঠেছিলে নিজে নিজে

যেদিন স্নানের পরে গামছা জড়িয়ে এলো চুলে
ডেকে এনে ছিলে মেঘ কমলা কোয়ার মত রোদে
রুদ্রবীণার তারে ঔরব স্বরের মন্দ্র বিদ্যুৎ চলনে
আমি ভিজে যেতে থাকি অক্ষরের বৃষ্টিধারায়

এবং এখন এই পড়ন্ত বেলার কাছে হাত জোড় করে
দাঁড়িয়ে রয়েছি ফের যদি একবার এসে আবার শেখাও
সব স্পর্শস্বর গুলো মধ্যমের পাশে এসে ফের মধ্যমের
বুক চিরে চলে গিয়ে মন্দ্র সপ্তকের বৃষ্টিমাখা কোমল নিষাদে।